সারাদিন বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ, আরো ভোগান্তির শঙ্কা

ঢাকার হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে ত্রুটির কারণে রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে বিকেলে বিকল্প গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার (৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান।

ডিপিডিসি সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের একটি তার ছিঁড়ে গেলে নারায়ণগঞ্জের পূর্ব ও পশ্চিম জোনে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে শহর ও আশপাশের এলাকায় দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়। বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দেয়।

ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, “হাসনাবাদে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনেই বিদ্যুৎ ছিল না। বিকেলে চাহিদা কমে আসায় এবং বিকল্প পাঁচটি গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “হাসনাবাদ গ্রিডে ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত সোমবার প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে। তবে রোববার রাতে লোডশেডিং হওয়ার সম্ভাবনা নেই।”

এদিকে ডিপিডিসি নারায়ণগঞ্জের প্রকৌশলী কামাল হোসেন বলেন, “হাসনাবাদ উপকেন্দ্রটি ডিপিডিসির আওতাধীন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতকাজ শেষ না করা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। সে কারণে সাময়িকভাবে লোডশেডিং অব্যাহত থাকতে পারে।”

দিনভর বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নগরবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সামান্য ত্রুটিতেই পুরো জেলার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া উদ্বেগজনক এবং এতে শিল্প প্রতিষ্ঠান সহ আবাসিক এলাকা গুলোতেও চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

আব্দুল ওয়াহিদ
01970544352

সর্বশেষঃ