মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে বাস্তবায়নাধীন ওয়াসার বৃহৎ পানি শোধনাগার প্রকল্পের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ‘Dhaka Environmentally Sustainable Water Supply Project’ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রকল্পটির আওতায় নদী থেকে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে রাজধানী ঢাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, শোধনাগারের মূল অবকাঠামোর প্রায় ৯৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে। এটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্প চালু হলে রাজধানী ও আশপাশের এলাকার পানি সরবরাহ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।




