বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর যুবদল নেতার হামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের এক নেতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

গত শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পশ্চিম এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাফরুল হাসান লিছানকে শারীরিকভাবে আঘাত করা হয়। এতে তার ডান হাতের একটি আঙুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অভিযুক্ত ব্যক্তি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর আহত জাফরুল হাসান লিছানকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো লিখিত অভিযোগে ভুক্তভোগী জাফরুল হাসান লিছান দাবি করেন, অভিযুক্ত মোফাজ্জল হোসেন আনোয়ার সরাসরি উপস্থিত থেকে তার ওপর হামলা চালান এবং তাকে গুরুতর আহত করেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোফাজ্জল হোসেন আনোয়ারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষঃ