নারায়ণগঞ্জের রাস্তাঘাটে পড়ে থাকা অজ্ঞাত, অসহায় ও পরিচয়হীন অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলার দুটি সরকারি হাসপাতালের যেকোনো একটিতে ২ থেকে ৩ শয্যার একটি বিশেষ ইউনিট চালুর দাবি জানিয়েছেন মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শনিবার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান।
বিবৃতিতে খোরশেদ বলেন, গত পাঁচ বছর ধরে টিম খোরশেদ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রাস্তায় পড়ে থাকা অসহায় ও পরিচয়হীন মানুষের চিকিৎসাসেবা প্রদানে কাজ করে আসছে। কিন্তু এসব রোগীর বেশিরভাগই অত্যন্ত নোংরা পরিবেশে থাকেন এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও পচন থাকায় অনেক সময় হাসপাতালগুলো তাদের ভর্তি নিতে অনাগ্রহ প্রকাশ করে।
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মতে এ ধরনের রোগীদের সাধারণ ওয়ার্ডে ভর্তি করলে অন্য রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। বাস্তবতা বিবেচনায় বিষয়টি আংশিক সত্য হলেও এর কারণে অসহায় মানুষগুলো চিকিৎসাবঞ্চিত হচ্ছে।
খোরশেদ আরও বলেন, চিকিৎসাসেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। তাই নারায়ণগঞ্জের দুটি সরকারি হাসপাতালের যেকোনো একটিতে ২ থেকে ৩ শয্যার একটি পৃথক ইউনিট স্থাপন করা হলে পরিচয়হীন ও পথের ধারে পড়ে থাকা অসুস্থ মানুষের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় তিনি জানান, বিশেষ ইউনিট চালু করা হলে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ রোগীদের পরিচর্যা, তদারকি এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।




