নারায়ণগঞ্জে ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলুকে তুলে নিয়ে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ৮ লাখ টাকা আদায়ের অভিযোগ তুলে ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।
বুধবার (২৫ জুন) দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন দেলোয়ার হোসেন দিলু।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২০ জুন রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকা থেকে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। পরে ফতুল্লা ডিআইটি মাঠের নির্জন স্থানে জুয়েল আরমানের মালিকানাধীন একটি সাদা রঙের নোয়াহ গাড়িতে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। জীবন বাঁচাতে তিনি শেষ পর্যন্ত ৮ লাখ টাকা দিতে রাজি হন। পরে তার পরিচিত ব্যবসায়ী কুদ্দুসের মাধ্যমে বাসা থেকে নগদ ৩ লাখ টাকা এবং পূবালী ব্যাংকের ৫ লাখ টাকার একটি চেক এনে অভিযুক্তদের দেওয়া হয়। টাকা ও চেক বুঝে পাওয়ার পর রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন দিলু বলেন, এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জুয়েল আরমানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, জোরপূর্বক নেওয়া ৩ লাখ টাকা ও ৫ লাখ টাকার চেক উদ্ধার এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে জুয়েল আরমান ও তার সহযোগীদের আতঙ্কে তিনি বাড়িঘর ছেড়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে রয়েছেন।
তার দাবি, গত বছরের ৫ আগস্টের পর জুয়েল আরমানসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় জড়ানো হয়। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ২০২৪ সালের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও করেছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, জমি ব্যবসার জন্য তিনি দেলোয়ার হোসেন দিলুকে টাকা দিয়েছিলেন। সেই টাকার মধ্যে ৩ লাখ টাকা ফেরত পেয়েছেন এবং বাকি ৫ লাখ টাকার একটি চেক দিয়েছেন। এরপর দেলোয়ার এলাকা ছেড়ে চলে গেছেন। তিনি ওই চেকের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।




