তিন গাড়িসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ফতুল্লায় জজ কোর্টসংলগ্ন পার্কিং এলাকা থেকে চুরি হওয়া প্রাইভেটকারসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় চুরি হওয়া গাড়িটির পাশাপাশি আরও দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।

পুলিশ জানায়, গত ২২ জুন নতুন জজ কোর্টের সামনে পার্কিংয়ে নিজের ব্যবহৃত টয়োটা এক্স করোলা (ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) রেখে নাস্তা করতে যান মোহাম্মদ আরিফ। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি গাড়িটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযান চালিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটন করে।

অভিযানে গত ২৫ জুন রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেন (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে ২৬ জুন ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬) নামে আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া টয়োটা এক্স করোলা ছাড়াও একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১৪-৯২৩০) এবং একটি প্রাইভেটকার (চট্টগ্রাম মেট্রো ঘ-১১-২৮৮০) উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী বলেন, “তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষঃ