ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম উন্নয়নে ২৫০ কোটি টাকার প্রকল্প

নারায়ণগঞ্জ ফতুল্লায় অবস্থিত শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার, আধুনিকায়ন ও উন্নয়নে প্রায় ২৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত করেছে সরকার।

একই সঙ্গে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের ক্রীড়া ভেন্যুতে রূপান্তরের লক্ষ্যে সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রী মো. আমিনুল হক।

জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী জানান, “শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জ-এর অধিকতর উন্নয়ন” শীর্ষক একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার ৭০ লাখ টাকা, অর্থাৎ প্রায় ২৫০ কোটি টাকা।

মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্টেডিয়ামের অবকাঠামোগত সংস্কার, আধুনিকায়ন এবং প্রয়োজনীয় উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযোগী করে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের ক্রীড়া ভেন্যুতে রূপান্তরের সম্ভাবনা যাচাই করতে সমীক্ষা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যুগুলোর একটি হলেও অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার কারণে ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামে বড় ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারের এই প্রকল্প বাস্তবায়িত হলে স্টেডিয়ামটি আবারও দেশের ক্রিকেট মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান ফিরে পাবে এবং নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সর্বশেষঃ