এমপি মান্নানের পুত্র সজীবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের আবেদন

জাতীয় দৈনিকে প্রকাশিত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে অনুসন্ধান পরিচালনার দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, গত ২২ জুন ২০২৬ তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত “চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে” এবং ২৫ জুন প্রকাশিত “সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি’, দাপট সর্বত্র” শিরোনামের প্রতিবেদনে খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অভিযোগ উঠে এসেছে।

আবেদনে বলা হয়, জাতীয় দৈনিকে এমন গুরুতর অভিযোগ প্রকাশিত হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম গ্রহণ করা হয়নি। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গন সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম নিচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান তার আবেদনে জাতীয় দৈনিকে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ অনুসন্ধান পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে অভিযোগের প্রাথমিক ভিত্তি হিসেবে আবেদনপত্রের সঙ্গে প্রথম আলোতে ২২ জুন ও ২৫ জুন ২০২৬ তারিখে প্রকাশিত দুটি প্রতিবেদনের ফটোকপিও সংযুক্ত করা হয়েছে।

সর্বশেষঃ