সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা, তিন পুলিশ সদস্যসহ আহত ৪; গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। অভিযানে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুরুজ্জামানের নেতৃত্বে একটি দল মহাসড়কে সংঘটিত মোটরসাইকেল ও পিকআপভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালায়। অভিযানের সময় সাগর ও তার ভাই সজলকে আটক করতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য ও পুলিশের সোর্স মাসুম মিয়া গুরুতর আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্তদের ধরতে গেলে তারা পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে চারজনকে জখম করে। এ ঘটনায় অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষঃ