নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আলোচিত শুভ হত্যা মামলার অন্যতম আসামি ফতে ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে বন্দর থানাধীন কলাবাগান জাকির শাহ অক্সিজেন ফ্যাক্টরি এলাকা থেকে ফাতেমা বেগম ওরফে ফতে (৬৫), শাওন (২৭) ও বিশুকে (২৬) গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অনিকের বাবা ইসলামকে (৭০) নারায়ণগঞ্জ সদর থানার অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলেও জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফতে’র বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৩০টি মামলা রয়েছে। শুভ হত্যা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের একটি দল চাষাঢ়া ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, শুভ হত্যা মামলার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে সদর থানার হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে রাস্তা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় শুভর মরদেহ উদ্ধার করা হয়। সে শহরের গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। ঘটনার তদন্তে নেমে ডিবি পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সুমন নামে এক আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে নরসিংদী থেকে ধিমন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।




