ছেলের হাসিতেই যে মায়ের পুরো পৃথিবী আলোকিত হয়, জন্মদিনে সেই কথাই ভালোবাসায় জানালেন অপু বিশ্বাস। ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ছবি প্রকাশ করেছেন তিনি।রোববার (২৭ সেপ্টেম্বর) ছেলের সঙ্গে একাধিক ছবির সঙ্গে ভালোবাসায় ভরা ক্যাপশনও লিখেছেন অভিনেত্রী।
অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’ ছেলের জন্য দোয়া চেয়ে শেষে লিখেছেন, ‘মাশাআল্লাহ।’
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। জন্মের পর থেকেই তারকা-সন্তান হিসেবে ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সে। বিশেষ দিনগুলোতে মা-বাবার সঙ্গে জয়ের নানা মুহূর্তও মাঝেমধ্যে সামনে আসে।
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকার পর ২০১৭ সালে প্রকাশ্যে আসে তাদের বিয়ে ও সন্তানের খবর। পরের বছর তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে জয়কে ঘিরে দুজনের যোগাযোগ ও পারিবারিক মুহূর্ত মাঝেমধ্যেই ভক্তদের সামনে এসেছে।




