শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় এক নৌ-পুলিশের মৃত্যু

নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে রাত্রিকালীন নৌ টহল চলাকালে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে গেছে নৌ-পুলিশের টহল নৌযান। এ ঘটনায় গুরুতর আহত হয়ে মোঃ মহসিন সরদার (৪৩) নামে এক নৌ-পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চার কনস্টেবলসহ একটি টহল দল ডাকাতি প্রতিরোধে নদীতে রাত্রিকালীন টহল পরিচালনা করছিল। টহল চলাকালে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে ডিউটিকালীন টহল নৌযানটির সাথে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে যায়।

ঘটনার পর টহল টিমের সদস্যরা সাঁতরে পাশের আরেকটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পান। তবে সংঘর্ষে কনস্টেবল মোঃ মহসিন সরদার গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহসিন সরদার বাগেরহাট জেলা থেকে নৌ-পুলিশে সংযুক্ত ছিলেন। তার বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর এলাকায়। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার ছেলে সিয়াম (১৪) এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নি (১৯)। এ ঘটনায় নৌ-পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান কালের কন্ঠকে বলেন, “রাত্রে অবৈধভাবে বাল্কহেড গুলি নদীতে চলাচল করে, এ সময় অন্ধকারে টহলরত নৌ-পুলিশের বোটের সাথে বাল্কহেডের সাথে দুর্ঘটনাটি ঘটে। এতে একজন কনস্টেবল গুরুতর আহত হয়ে মারা যান। তবে বাল্কহেডটিকে সনাক্ত করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

সর্বশেষঃ