আড়াইহাজারে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় রাকিব নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কান্দী এলাকায় সৌদি প্রবাসী আলিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের কোনো এক সময় ১২ থেকে ১৩ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে নগদ প্রায় ২০ হাজার টাকা, আধা ভরি স্বর্ণ, তিনটি মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট করে নেয়।

এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে রাকিব নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন খান বলেন, এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষঃ