ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু, হাসপাতালে লড়ছেন মা-মেয়ে

নারায়ণগঞ্জ ফতুল্লায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনায় বাবা ও দুই সন্তানের প্রাণহানি ঘটলো। বর্তমানে মা ও আরেক মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাত বছরের শিশু মুন্না। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
চিকিৎসকরা জানান, মুন্নার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর কয়েক ঘণ্টা আগে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে একই হাসপাতালে মারা যায় তার বোন কথা (৭)। তার শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত সোমবার সকালে মারা যান তাদের বাবা মো. কালাম (৩৫)। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে কক্ষে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে।
বর্তমানে দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৩২) ও বড় মেয়ে মুন্নি (১০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, সায়মার শরীরের ৬০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ