নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৯ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও ভুক্তভোগী পরিবার।
এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে আড়াইহাজার পৌরসভার শিবপুর এলাকায় কামাল নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত বাড়ির কেচিগেটের তালা কেটে কৌশলে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত দল ঘরে থাকা আলমারি ও আসবাবপত্র তছনছ করে আনুমানিক ৮ থেকে ৯ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




