বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চানমাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক, সদস্যসচিব মশিউর রহমান রনি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান এবং নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ কমিটির নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন বাস্তবায়নে যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। নতুন কমিটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকে আরও বেশি সম্পৃক্ত করবে।” তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটিতে অতীতে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী নেতাকর্মীরাই স্থান পাবেন।”
সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, “যাদের নেতৃত্বে অতীতে আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে, তাদের আবারও নেতৃত্বে পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত। নারায়ণগঞ্জ যুবদল কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় জনগণের কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবে।”
কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




