জোসেফ মহানগর যুবদলের কেউ নন, স্পষ্ট করল কেন্দ্রীয় যুবদল

নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির পদধারী নেতা হিসেবে পরিচয় দেওয়া কে এম মাজহারুল ইসলাম জোসেফের সঙ্গে সংগঠনের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

একই সঙ্গে তার যেকোনো বক্তব্য, কর্মকাণ্ড বা অনৈতিক কার্যকলাপের দায়ভার সংগঠন বহন করবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর নির্দেশনায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কে এম মাজহারুল ইসলাম জোসেফ বিভিন্ন স্থানে নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে কেন্দ্রীয় যুবদলের নজরে এসেছে। কিন্তু আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদ-এর নেতৃত্বাধীন ৫১ সদস্যবিশিষ্ট বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে জোসেফ নামে কোনো ব্যক্তি নেই।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জোসেফের যেকোনো অনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য কিংবা কার্যকলাপের দায়ভার জাতীয়তাবাদী যুবদল গ্রহণ করবে না। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও অবহিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের নাম ব্যবহার করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার অনুসারীদের মাধ্যমে বড় আকারের বিলবোর্ড, পোস্টার ও ব্যানার স্থাপন করেছেন। এছাড়া বিভিন্ন প্রচারণায় তিনি নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বের দাবিদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বিভিন্ন দলীয় কর্মসূচিতে বারবার বলেছেন, বর্তমান ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির বাইরে কেউ যুবদলের সাংগঠনিক পরিচয় ব্যবহার করতে পারেন না। পাশাপাশি যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অপকর্ম বা সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট নেতাকর্মীদের মতে, কেন্দ্রীয় যুবদলের এ বিজ্ঞপ্তির ফলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক পরিচয় নিয়ে চলমান বিভ্রান্তি দূর হবে এবং দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত প্রচারণা চালানোর সুযোগ সংকুচিত হবে।

সর্বশেষঃ