নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে শতাধিক মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হলুদ-সবুজ পতাকা, ব্রাজিলের জার্সি ও নানা ব্যানারে সজ্জিত এ আয়োজন ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (১২ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা মদনপুরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম শেষে শোভাযাত্রাটি পুনরায় মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়।
সোনারগাঁও উপজেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমীরা অংশ নেন। শোভাযাত্রাজুড়ে মোটরসাইকেলের বহরে উড়তে দেখা যায় ব্রাজিলের জাতীয় পতাকা। মহাসড়কজুড়ে হলুদ-সবুজের এই বর্ণিল উপস্থিতি পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এর মূল লক্ষ্য।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক সজীব বলেন, “ফুটবল আমাদের আবেগের জায়গা। ব্রাজিলের নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল সবসময়ই আমাদের মুগ্ধ করে। তাই প্রিয় দলকে ঘিরে আনন্দ ভাগাভাগি করতে আমরা একত্রিত হয়েছি।”
আরেক সমর্থক পারভেজ বলেন, “ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। দলের প্রতি ভালোবাসা থেকেই এই শোভাযাত্রায় অংশ নিয়েছি। আশা করি, ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতে ব্রাজিল আরও ভালো সাফল্য অর্জন করবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় নতুন মাত্রা যোগ করেছে। প্রিয় দলকে ঘিরে সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শুধু ব্রাজিল ভক্তদেরই নয়, স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। শোভাযাত্রার পুরো সময়জুড়ে উৎসবের আমেজ বিরাজ করায় সোনারগাঁ যেন এক টুকরো ব্রাজিলে পরিণত হয়েছিল।




