প্রতিবেশীর আদর কাল হলো শিশুর, অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২

প্রতিবেশী পরিচয়ের সুযোগ নিয়ে আদরের ছলে দুই বছরের এক শিশুকে কোলে করে বাসা থেকে বের করে অপহরণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

এর আগে, গত ১২ জুন সকাল প্রায় ১১টার দিকে ফতুল্লার লামাপাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। পরে রবিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণে জড়িত দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)। জানা যায়, তারা অপহৃত শিশুর পরিবারের প্রতিবেশী ছিলেন। পাশাপাশি বাসায় বসবাসের সুবাদে প্রায়ই শিশুটির পরিবারের সঙ্গে তাদের ওঠাবসা ছিল এবং শিশুটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

র‍্যাব জানায়, ঘটনার দিন আদর করার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সুজন ও মাজেদা। পরে তারা শিশুটিকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কিছু সময় পর অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির পরিবার অভিযোগ করলে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী দুজনকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই র‍্যাব তদন্ত শুরু করে। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে নিরাপদে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষঃ