নারায়ণগঞ্জ ফতুল্লার উত্তর কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় বায়তুল জান্নাত জামে মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
এ ঘটনায় মসজিদের পবিত্রতা রক্ষা এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মসজিদ সংশ্লিষ্টরা।
শুক্রবার দায়ের করা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর কাশীপুর দেওয়ান বাড়ি এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদটি স্থানীয় মুসল্লিদের উদ্যোগে প্রতিষ্ঠিত। মসজিদের জমি ওয়াকফ করেন স্থানীয় বাসিন্দা কাউছার দেওয়ানের পিতা ও চাচারা। বর্তমানে মসজিদের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান হাবিব।
অভিযোগে বলা হয়, প্রায় এক মাস ধরে জামাল দেওয়ান (৬৫), নূর হোসেন দেওয়ান (৪২), রহিম দেওয়ান (৪৫), কবির হোসেন দেওয়ান (৫২) এবং অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জন মসজিদের নিচ দিয়ে ময়লার পাইপলাইন স্থাপনের চেষ্টা চালিয়ে আসছেন। মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা বারবার বাধা দিলেও তারা তা উপেক্ষা করে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এমনকি পাইপলাইন স্থাপনে বাধা দিলে মারধর ও ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী কাউছার দেওয়ান দাবি করেন, অভিযুক্তরা পাইপলাইন বসানোর প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে মসজিদের পাশে এনে রেখেছেন এবং দেয়াল সংলগ্ন স্থানে মাটি খোঁড়ার কাজও শুরু করেছেন। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
এছাড়া বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকটি মাদ্রাসা কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলে তারা অভিযুক্তদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে অভিযোগ অনুযায়ী, সেই আহ্বানও উপেক্ষা করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কোনো কাজ করা যাবে না। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




