অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত সমাবেশ ও প্রতিবাদ মিছিল সফল করতে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল রোডে কর্মসূচির ভেন্যু পরিদর্শন করেছেন জেলা ও মহানগর যুবদলের নেতারা।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। এ সময় জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আগামী মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় খানপুর হাসপাতাল রোডে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে নেতারা সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং সফল বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শন শেষে যুবদল নেতারা জানান, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ে কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।




