গোগনগরে বিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ সদর গোগনগর ইউনিয়নের এক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত পুনরায় চালুর দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২৩ জুন বিদ্যালয়ের এক দারোয়ানের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একপর্যায়ে কিছু ব্যক্তি বিদ্যালয়ে ভাঙচুর ও প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেয়। বিচ্ছিন্নভাবে হামলার ঘটনাও ঘটে।

পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পাঠদান কার্যক্রম স্থগিত ঘোষণা করে। কর্তৃপক্ষের দাবি, বর্তমান পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় বিদ্যালয়টি দ্রুত খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধনের আয়োজন করেন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন গুজব ছড়িয়ে বিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সালাহউদ্দিনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করে প্রতিষ্ঠানের সুনাম নষ্টের অপচেষ্টা চালানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গুজব ও অপপ্রচারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই দ্রুত বিদ্যালয়টি খুলে দিয়ে নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সর্বশেষঃ