নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে রংপুরে পাঠানো মেঘনা ফ্রেশ কোম্পানির প্রায় ২৫ লাখ টাকা মূল্যের আত্মসাৎ হওয়া ৭১৬ কার্টন (প্রায় ১৩ টন) সয়াবিন তেল ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক মো. আল আমিন গাজী (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, অভিযানে ১০ জুলাই বিকেল ৫টা ২০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকার গাছবাড়ী (রঘুনাথপুর) এলাকা থেকে ট্রাকচালক মো. আল আমিন গাজীকে ট্রাক ও মালামালসহ গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ধনবাড়ী এলাকায়।
পুলিশ জানায়, গত ৬ জুলাই বিকেলপ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে সিলেট-ট ১১-০৬৫৮ নম্বর ট্রাকে ৭৫০ কার্টন সয়াবিন তেল রংপুরের উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক মো. আল আমিন গাজী তেলসহ আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় প্রতারণার মামলা দায়ের করেন।
তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং মালামাল বহনকারী ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তেলের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে মূল আসামিকে গ্রেপ্তার এবং আত্মসাৎ হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




