মাত্র ২৪ দিনে না.গঞ্জ জেলার পুলিশিংয়ে নতুন গতি; নেপথ্যে এসপি হাবিবুর রহমান

না.গঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

মাদক, অস্ত্র, জুয়া ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান,

চার সপ্তাহেরও কম সময়ে গ্রেপ্তার দেড় হাজারেরও বেশি অপরাধী!

সৈয়দ মুহাম্মদ রিফাত:

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে মো. হাবিবুর রহমান দায়িত্ব নেওয়ার পর কেটেছে মাত্র ২৪ দিন। এই স্বল্প সময়ে জেলার বিভিন্ন থানায় ধারাবাহিক অভিযান, বিপুলসংখ্যক গ্রেপ্তার এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার উপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তার পিপিএম-সেবা পদক পাওয়া সেই আলোচনাকে আরও জোরদার করেছে; এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ৩ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধপ্রবণ এলাকা ও বিভিন্ন অপরাধের স্পটকে নজরদারিতে এনে অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। এরই মধ্যে মাদক কারবারি ও সেবনকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, জুয়াড়ি এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে পুলিশ।

না.গঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
না.গঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

সূত্রের খবরানুযায়ী, নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের পরপরই জেলার সাত থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০৪ জনকে গ্রেপ্তারের তথ্য দেয় জেলা পুলিশ। এতে মাদক ও অন্যান্য অপরাধে জড়িতদের পাশাপাশি বিভিন্ন মামলার আসামিরাও ছিল। এরপরও থেমে থাকেনি অভিযান। একের পর এক পৃথক অভিযানে বিভিন্ন থানায় গ্রেপ্তার হয়েছে আরও বহু মানুষ। ১৬ সেপ্টেম্বর জেলার সাত থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৯১ জনকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়। তাদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা ছিলেন। অভিযানগুলোতে ইয়াবা, গাঁজা, ছুরিসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথাও জানায় পুলিশ। মাদকবিরোধী অভিযানে বিশেষ নজর দিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নরসিংহপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৪২ জন মাদকসেবীকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করা হয়। এছাড়াও ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার, সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার এবং সোনারগাঁয়ে মাদকসহ তিনজনকে গ্রেপ্তারের মতো একাধিক অভিযানও সাম্প্রতিক সময়ে পরিচালিত হয়েছে। সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৩৫ বোতল মাদকসহ তিনজনকে গ্রেপ্তারের তথ্যও প্রকাশ করেছে জেলা পুলিশ। মাদকপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা পুলিশ।

না.গঞ্জ জেলা পুলিশ লাইনসে পুলিশ সুপার হাবিবুর রহমান।
না.গঞ্জ জেলা পুলিশ লাইনসে পুলিশ সুপার হাবিবুর রহমান।

এদিকে, ২০ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার খাজা সুপার মার্কেটের একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার সরাসরি নেতৃত্বে শহরের একটি কথিত জুয়ার আসরে অভিযান পরিচালনার ঘটনা পুলিশের মাঠপর্যায়ের তৎপরতাকে আরও দৃশ্যমান করেছে।

অপরদিকে, দায়িত্ব গ্রহণের পর রূপগঞ্জে অস্ত্রবিরোধী অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের ঘটনাও সামনে এসেছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে জেলা পুলিশ। এমনকি চাষাঢ়ায় শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর দ্রুত তদন্ত করে কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দের কথাও জানানো হয়। অপরাধের পর দ্রুত আসামি শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা সাধারণ মানুষের নজরে এসেছে। সর্বশেষ, ২৬ সেপ্টেম্বর জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় নারায়ণগঞ্জে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে ১০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে এখন অবদি নানা অপরাধে প্রায় দেড় হাজারের কাছাকাছি অপরাধীকে আইনেরও আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

না.গঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
না.গঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

সবমিলিয়ে, মাত্র ২৪ দিনের অভিযানে পুলিশের তৎপরতা দৃশ্যমান হলেও সামনে রয়েছে আরও বড় পরীক্ষা রয়েছে বলে মনে করছেন জেলার সচেতন মহলের লোকজন। তারা বলছেন, মাদক ব্যবসার মূল হোতাদের শনাক্ত করা, চাঁদাবাজি ও ছিনতাই নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ। কেউ কেউ বলছেন, নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশাও এখন তাই আরও বেড়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা- অভিযান যেন সাময়িক কোনো কার্যক্রমে সীমাবদ্ধ না থাকে; অপরাধ দমনে তৈরি হওয়া এই গতি যেন নিয়মিত পুলিশিংয়ের অংশ হয়ে ওঠে।

সর্বশেষঃ