দশমীতে রিয়া গোপের বাসায় খোরশেদ, বললেন ‘তার আত্মবিসর্জন চিরদিন অম্লান রবে’

শারদীয় দুর্গোৎসবের দশমীতে যখন চারদিকে বিসর্জনের বিষাদ আর উৎসবের আমেজ, তখন নারায়ণগঞ্জে জুলাই গণ-আন্দোলনের অন্যতম কনিষ্ঠ শহীদ রিয়া গোপের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে রিয়া গোপের বাসায় গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন খোরশেদ। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং রিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নেতাকর্মীদের সাথে বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ
নেতাকর্মীদের সাথে বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ

সাক্ষাৎকালে খোরশেদ বলেন, “আজ আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। চারদিকে যখন উৎসবের আমেজ, তখন আপনাদের ঘরে বিসর্জনের বিষাদ। রিয়ার আত্মবিসর্জনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন পেয়েছি। রিয়া ও আপনাদের এই ত্যাগ আমরা কখনো ভুলব না। রিয়া আমাদের মাঝে জাগ্রত থাকবে, আর তার আত্মবিসর্জন আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।” এ সময় রিয়া গোপের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে তাঁর পরিবারের হাতে ‘পূজার সাজে রিয়া’ শিরোনামে একটি ফটোফ্রেম ও কিছু উপহার তুলে দেন খোরশেদ।

তিনি আরও বলেন, রিয়া গোপের মৃত্যু জুলাই গণ-আন্দোলন চলাকালে সহিংসতার এক নির্মম স্মারক। তাঁর অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমর্থক সন্ত্রাসী ও পেটোয়া বাহিনীর বর্বরতা থেকে ছাত্র-জনতা, এমনকি ঘরে থাকা গৃহিণী ও শিশুরাও রক্ষা পায়নি। তিনি রিয়া গোপ হত্যার বিচার নিশ্চিত করা এবং রায় কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই গণ-আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২৪ জুলাই নিজ বাড়ির ছাদে খেলাধুলা করার সময় গুলিতে নিহত হয় শিশু রিয়া গোপ। তার মৃত্যু আন্দোলনকালে বেসামরিক মানুষের নিরাপত্তা ও সহিংসতার শিকার পরিবারগুলোর বেদনার কথা স্মরণ করিয়ে দেয়। দুর্গাপূজার আনন্দঘন সময়ে শহীদ রিয়ার পরিবারের সঙ্গে খোরশেদের এই সাক্ষাৎ শোকাহত পরিবারটির প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি রিয়ার স্মৃতি ও হত্যার বিচারের দাবিকে আবারও সামনে নিয়ে এসেছে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ