একাধিক শিশুর মৃত্যু; প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আধুনিক অবকাঠামো, বিশেষায়িত চিকিৎসা ও উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে বারবার আলোচনায় আসছে রোগীমৃত্যু, চিকিৎসায় অবহেলা, আইসিইউ-এনআইসিইউ সেবার মান এবং অতিরিক্ত বিল আদায়ের অভিযোগে। একের পর এক পরিবার সন্তান কিংবা স্বজনকে হারিয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে। কেউ প্রশ্ন তুলেছেন চিকিৎসকের উপস্থিতি নিয়ে, কেউ অভিযোগ করেছেন রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ার পরও যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। আবার কোনো কোনো পরিবারের দাবি, বিপুল অঙ্কের বিল পরিশোধ করেও তাঁরা প্রত্যাশিত চিকিৎসাসেবা পাননি। এসব অভিযোগের প্রতিটিই গুরুতর। এমতাবস্থায় প্রশ্ন উঠেছে, হাসপাতালটির চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা তদারকিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর ভূমিকা আসলে কী?

সূত্রানুযায়ী, ২০২৬ সালের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে মানববন্ধন করেন কয়েকটি পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাধিক শিশুর মৃত্যু হয়েছে। তাঁরা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি দাবি করেছেন।

যদিও এসব অভিযোগের বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ শ্রাবণ গণমাধ্যমকে বলেন, শিশু রোগীদের নিয়ম মেনেই চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল শিশুদের চিকিৎসা দিয়েছে।

এদিকে, মানববন্ধনে অংশ নেওয়া পরিবারগুলোর বক্তব্য অনুযায়ী, মাসদাইরের দুই মাস বয়সী রাইজান, বন্দরের মদনগঞ্জ এলাকার একটি শিশু এবং সিদ্ধিরগঞ্জের আয়েশাসহ কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালের চিকিৎসা ও সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। একই সময়ে ভুঁইঘর এলাকার মারুফার মৃত্যুর অভিযোগও আলোচনায় আসে। এছাড়াও মাসদাইরের বাসিন্দা রুবেল রহমান ও রজনী রহমানের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর সর্দি-জ্বরে আক্রান্ত দুই মাস বয়সী ছেলে রাইজানকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে এনআইসিইউ এবং পরে পিআইসিইউতে নেওয়া হয় শিশুটিকে। পরিবারের দাবি, ১১ দিন হাসপাতালে থাকার পর ১১ অক্টোবর শিশুটির অবস্থা ভালো নয় জানিয়ে ঢাকার অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ সময় পর্যন্ত হাসপাতালের বিল দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজার টাকা। ১২ অক্টোবর রাতে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে পরিবারটি জানায়। রাইজানের বাবা-মায়ের অভিযোগ, পিআইসিইউতে দায়িত্ব পালনকারী নার্সদের কাছ থেকে তাঁরা যথাযথ সেবা পাননি। বিশেষ করে ওষুধ ও নেবুলাইজার দেওয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ তোলেন তাঁরা।

অন্যদিকে, বন্দরের মদনগঞ্জ এলাকার দিদার ব্যাপারী ও তাঁর স্ত্রী মিতালি আক্তারের অভিযোগ, তাঁদের সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর পিআইসিইউতে শয্যা না পেয়ে ১৩ অক্টোবর প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের দাবি, ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের পেছনে প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়। পরে শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যায় এবং ১৭ অক্টোবর তার মৃত্যু হয়। চিকিৎসায় অবহেলার কারণেই সন্তানকে হারিয়েছেন বলে অভিযোগ করেন বাবা-মা। এছাড়াও সিদ্ধিরগঞ্জের নয়াপাড়া এলাকার আমিনুল ইসলাম ও আমেনা বেগমের ১০ বছর বয়সী মেয়ে আয়েশার মৃত্যুর ঘটনাতেও রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। তাদের অভিযোগ, প্রথমে ডেঙ্গু শনাক্তের কথা বলা হলেও পাঁচ দিন পর নিউমোনিয়ার কথা জানানো হয়। পরিবারের দাবি, চিকিৎসাধীন অবস্থায় শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং ১৪ অক্টোবর তার মৃত্যু হয়।

 

সর্বশেষঃ