ঢামেকে ১২ বিক্রয় প্রতিনিধি আটকের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটকের প্রতিবাদে এবং সারা দেশে ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ-বাংলা পয়েন্ট এলাকায় বাংলাদেশ ফার্মাসিউটিকাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়ার) সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব সাইফুল ইসলাম, ইমারত হোসেনসহ বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক বিক্রয় প্রতিনিধি।

বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেশের শিক্ষিত সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসকদের কাছে ওষুধ ও চিকিৎসাসংক্রান্ত তথ্য পৌঁছে দিয়ে তারা রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অথচ দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আইসিএমএইচসহ বিভিন্ন স্থানে প্রতিনিধিদের নিয়মিত হয়রানি ও হেনস্থার শিকার হতে হচ্ছে।

তারা আরও বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া ওষুধ প্রতিনিধিদের আটক ও অপমান করা দুঃখজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত , গত ৪ মে সকালে দালালবিরোধী অভিযানের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ। এর প্রতিবাদেই ফারিয়ার সিদ্ধিরগঞ্জ শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

সর্বশেষঃ