শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
রোববার (১৮ অক্টোবর) নগরীর সল্লিমোল্লা সড়কের রবিদাস পাড়া দুর্গাপূজা মণ্ডপের সামনে ও আশপাশে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য অপসারণের পর সংশ্লিষ্ট এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক অসীম চন্দ্র দে। সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন পরিচ্ছন্ন সুপারভাইজার মোখলেসুর রহমান ও বেনজির আহমেদ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
উৎসব চলাকালে পূজামণ্ডপে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখা, বর্জ্য জমে থাকা রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের বলছেন, উৎসবকে কেন্দ্র করে নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ভূমিকা রাখা প্রয়োজন। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবকে আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত করে তোলা সম্ভব।




