নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদার দাবিতে লুটপাটের অভিযোগে আটক তিনজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) দুপুর সাড়ে তিনটার দিকে পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
সূত্র জানায়, অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে চাঁদা না পেয়ে লুটপাটের অভিযোগে ফতুল্লা মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে গিয়ে লুটপাটে বাধা দিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটক অবস্থায় তাদের হাতে হাতকড়া পরানো ছিল।
পুলিশ জানায়, আটকের কিছুক্ষণ পরই ওই ব্যক্তিদের সহযোগীরা দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হয়। পরে তারা পুলিশের কাছ থেকে জোরপূর্বক আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হয়নি।
স্থানীয় সূত্র জানায়, ছিনিয়ে নেওয়া আটক ব্যক্তিদের মধ্যে ডেভিট ও রাসেল নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। একটি ভিডিওতে দেখা যায়, তারা নিজেদের ‘আজাদের লোক’ বলে দাবি করছে। ভিডিওতে তারা আরও জানায়, ভ্যানগাড়িতে মালামাল তোলার জন্য তাদের পাঠানো হয়েছিল এবং তারা পারিশ্রমিকের বিনিময়ে শ্রমিক হিসেবে কাজ করছিল।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের নির্মাণাধীন বাড়িতে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটপাট করে ভ্যানগাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া মালামালসহ তাদের আটক করে। পরে মালামাল পুনরায় বাড়িতে ফিরিয়ে দেওয়ার সময় আটক ব্যক্তিদের সহযোগীরা এসে তাদের ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগের দিন (৫ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইরের বোয়ালিয়াখাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় তিনজন র্যাব সদস্য গুরুতর আহত হন। এ ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।




