রূপগঞ্জ চনপাড়ার ‘ডন’ শামীম অবশেষে কক্সবাজারে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আলোচিত যুবদল নেতা ও হত্যা, চাঁদাবাজি, মাদকসহ এক ডজনের বেশি মামলার পলাতক আসামি শামীম মিয়াকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা শামীম রাজধানী ও আশপাশের এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ করছিলেন।

শনিবার (৯ মে) পুলিশের একটি বিশেষ অভিযানিক দল কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “আমাদের একটি অভিযানিক দল কক্সবাজারে অবস্থান করছে। সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।”

এর আগে, গত সোমবার রাত আড়াইটার দিকে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় শামীম মিয়াকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় শামীমের সহযোগীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী চনপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করে। ওই অভিযানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চনপাড়ার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে পুলিশের ওপর হামলা ও রাষ্ট্রীয় বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেওয়া দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড। বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর ডেমড়ার পাশের শীতলক্ষ্যা নদীতীরবর্তী চনপাড়া পুনর্বাসন কেন্দ্র দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। হত্যা, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এলাকাটির বদনাম রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শামীম মিয়া পুরো চনপাড়া এলাকায় আধিপত্য বিস্তার করেন। পরে তিনি সেখানে মাদক কারবারের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে রাজধানীসহ আশপাশের এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।

সর্বশেষঃ