নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন। তিনি বলেছেন, সমাজের মানুষ সচেতন হলে মাদকসহ নানা অপরাধ অনেকটাই নির্মূল করা সম্ভব।
শনিবার (১৫ মে) বিকেলে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওসি সালাউদ্দিন বলেন, “আজ থেকে প্রশাসন বরপা শান্তিনগর এলাকার মাদক কারবারিদের কোনো ছাড় দেবে না। মাদক বিক্রেতাদের ধরতে পারলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা সচেতন হোন, আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে। একটি এলাকায় খারাপ লোকের সংখ্যা খুব কম থাকে। কিন্তু দুই-একজন অপরাধীর কারণে পুরো এলাকার বদনাম হয়। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তারা সাবধান হয়ে যান। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
সাংবাদিক ইসলাম শাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লোকমান হোসেন, ওমর আলী, আবু তৈয়ব ভূইয়া, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তামজিদ ভূঁইয়া, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




