চাঁদার ১০ টাকা নিয়ে বিরোধ, অটোচালককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মো. মমিন নামে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মঙ্গলবার সকালে উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেওয়ার পর পুনরায় টাকা দাবি করে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে শাহিন লাঠি দিয়ে মমিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত শাহিন পালিয়ে গেছে বলে দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

অটোচালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, “ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

সর্বশেষঃ