নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ফারজানা আক্তার নিহা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সানারপাড় মনু মিয়া মার্কেট এলাকায় একটি আবাসিক ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মনু মিয়া মার্কেট এলাকার জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সাততলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ওই গৃহবধূকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তার স্বামী সুমন মোল্লা। পরে তিনি দরজার সিটকিনি ভেঙে কক্ষে প্রবেশ করে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই রঞ্জন কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা পৃথক কক্ষে ঘুমাতে যান। সকালে সুমন মোল্লা স্ত্রীর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তিনি ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
তবে ঘটনাস্থলের কিছু আলামত নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহের দুই পা বিছানার সঙ্গে স্পর্শ করা অবস্থায় ছিল এবং বাম হাত দিয়ে গলায় পেঁচানো ওড়নাটি ধরা ছিল। এছাড়া প্রতিবেশীরা পৌঁছানোর আগেই স্বামী কক্ষে প্রবেশ করায় ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
নিহত ফারজানা আক্তার নিহার বাড়ি কুমিল্লার বড়ুরা উপজেলার পেরপেরী এলাকায়। তিনি জামাল হোসেন ও নাসরিন আক্তারের মেয়ে। তার স্বামী সুমন মোল্লার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এলাকায়। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো: মিজানুর রহমান জানান , “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”




