ধর্ষণের অভিযোগে উত্তাল বক্তাবলী, যুবক আটক

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২২ মে) বিকেলে বক্তাবলীর আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

অভিযুক্তরা হলেন একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। এর মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। অপরজন পলাতক রয়েছে।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, বিকেলে ঘটনাটি ঘটার পর শিশুটির মা প্রথমে কাউকে কিছু জানাননি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই বিষয়টি প্রকাশ পায়।

এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত দুই যুবকই মাদকাসক্ত।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। শিশুটির মা বলছেন তাকে ধর্ষণ করা হয়েছে। তবে শিশুটি বলছে, দুজনের একজন তাকে ধর্ষণের চেষ্টা করেছে। বর্তমানে শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।”

সর্বশেষঃ