পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনা করছে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ৬২ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন জেলার মানুষ বাড়ির পথে যাত্রা করেন। এই সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটনের আশঙ্কা থাকায় মহাসড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে মেঘনা ব্রিজ, কাঞ্চন ব্রিজ, মুক্তারপুর ব্রিজ, মোগরাপাড়া ও কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। মেঘনা ব্রিজ এলাকায় নায়েব সুবেদার আতাউর রহমান, রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় নায়েব সুবেদার বদিরুল ইসলাম, মুক্তারপুর ব্রিজ এলাকায় নায়েব সুবেদার সরোয়ার হোসেন, মোগরাপাড়া এলাকায় নায়েব সুবেদার মকবুল হোসেন এবং কাঁচপুর এলাকায় হাবিলদার আমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ৬২ বিজিবি এর অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত জানান,
ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমাদের ৮ প্লাটুন বিজিবি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছে। যাত্রাপথে কেউ যেন কোনো ধরনের অপরাধ বা ভোগান্তির শিকার না হন, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।




