‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজকীয় বিদায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে আলোচিত এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচায় রাজকীয় বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম কর্তৃপক্ষ।

 

সোমবার (২৫ মে) সন্ধ্যায় নগরীর পাইকপাড়ায় অবস্থিত খামার থেকে মহিষটির ক্রেতা সেটি নিতে এলে ব্যতিক্রমধর্মী আয়োজনে বিদায় জানানো হয়।

এর আগে, দুপুর থেকেই খামারের কর্মচারীরা মহিষটিকে গোসল করিয়ে সাজিয়ে তোলার প্রস্তুতি নেন। পরে রাজকীয় পোশাকে সজ্জিত ‘ডোনাল্ড ট্রাম্প’কে রঙিন কালার স্মোকের মধ্য দিয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত খামার মালিকপক্ষ, কর্মচারী ও উৎসুক জনতা আবেগঘন পরিবেশে মহিষটিকে বিদায় জানান।

খামার সূত্র জানায়, এলভিনো জাতের এই মহিষটির চুল ও চোখ অনেকটা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। শুরু থেকেই ব্যতিক্রমী গঠনের কারণে এটি মানুষের নজর কাড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশ-বিদেশেও ব্যাপক পরিচিতি পায় মহিষটি।

জানা যায়, প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির ৫৫০ টাকা কেজি দরে আগেই কিনে রেখেছিলেন। ভাইরাল হওয়ার পর সেটিকে এক নজর দেখতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে খামারে।

রাবেয়া এগ্রো ফার্মের এক কর্মচারী বলেন, “ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিতে খুব খারাপ লাগছে। বাংলাদেশে এর আগে কোনো কোরবানির পশু এভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে কিনা জানা নেই। আমরা তাকে কখনো ভুলবো না।”

ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, “ত্যাগের মহিমাই কোরবানির মূল শিক্ষা। তাই কষ্ট হলেও ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিতে হয়েছে। তবে এই মহিষটি আমাদের স্মৃতিতে আজীবন থাকবে।”

ক্রেতা সামির বলেন, “অনেক আগেই মহিষটি কিনেছিলাম। পরে এটি ভাইরাল হওয়ার খবর পাই। এখন আমাদের এলাকাতেও সবাই অধীর আগ্রহে ডোনাল্ড ট্রাম্পকে দেখার অপেক্ষায় আছে।”

সর্বশেষঃ