এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব লামাপাড়ায় বেলাল হোসেনের মালিকানাধীন ভবনের নিচতলায় জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসাটি পরিচালিত হয়। প্রায় দুই মাস আগে ভুক্তভোগী ওই তরুণী আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসায় যোগদান করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, যোগদানের পর থেকেই বেলাল হোসেন বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ মে) সকাল ৬টার দিকে তিনি শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।



