নর্তকী মন্তব্যে সমালোচনায় বিএনপি নেতা এড.টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও জেলা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারী সহকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। তিনি কয়েকজন নারী আইনজীবীকে ‘নর্তকী’ আখ্যা দিয়ে বলেন, তারা আইন পেশা না করে পুরুষদের নিয়ে ঘোরাফেরা করেন।

শনিবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

এর আগে, গত বৃহস্পতিবার আদালতপাড়ায় এক নারী হকারকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী। তিনি নারায়ণগঞ্জ জেলা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অভিযোগে শিল্পী বলেন, আদালতপাড়ায় তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। বিএনপি নেতা টিপু তাকে ঘুষি মারেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির। তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, “আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। সাদাকে সাদা আর কালোকে কালো বলবো। আমি রোজা অবস্থায় আপনাদের সামনে কথা বলছি।”

তিনি দাবি করেন, আদালতপাড়ায় নারী হকারকে তুলে দেওয়াকে কেন্দ্র করে অ্যাডভোকেট রফিক আহমেদের সঙ্গে আমেনা আক্তার শিল্পীর তর্ক হয়। পরে ঘটনাস্থলে গেলে শিল্পী তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

টিপু আরও বলেন, “আমার মাকে তুলে গালি দিয়েছে। এজন্য আমি তাকে ধমক দিয়েছি। সে আওয়ামী লীগ ঘরের লোক, বিএনপির কেউ না।”
এক পর্যায়ে নারী আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে তিনি বলেন, “এই কোর্টে কয়েকজন নর্তকী আছে যারা পুরুষদের নিয়ে ঘুরতে ভালোবাসে। আইন পেশা করে না, খালি আইনের পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘুরে আর নর্তকীগিরি করে।”

এসময় নারী আইনজীবীর মারধরের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন মহানগর বিএনপির এ নেতা।

সর্বশেষঃ