নারায়ণগঞ্জ শহরের চাষাড়া ও হাজীগঞ্জের এম সার্কেস এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে)গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। এর আগে, গত শুক্রবার (২২ মে) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, হাজীগঞ্জের এম সার্কেস এলাকার মোহাম্মদ তৈয়ব আলী সর্দারের ছেলে মনির হোসেন (৪৮), হাজীগঞ্জ এলাকার মৃত মনু বেপারীর ছেলে বজলু (৪৫), শরীয়তপুরের সখিপুর থানার ছামেদ গাজীর ছেলে আফজাল মিস্ত্রী (৪৫), চাঁদপুরের মতলব উত্তর থানার আদুরভিটি এলাকার সিরাজুল দর্জির ছেলে মেহেদী দর্জি (৩৪), চাঁদপুর মতলব থানার সিকিরচর এলাকার মৃত বাবুল প্রধানের ছেলে খোরশেদ আলম অপু (৩৬) এবং একই এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সোহেল সরকার (৩৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার দুপুরে চাষাড়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে যুবলীগ ও ছাত্রলীগের গোপন সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরবর্তীতে ওই তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়াও পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার ভোরে চাষাড়ায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আজমেরী ওসমানের অনুসারী যুবলীগ নেতাকর্মীরা মিছিল বের করেন। এসময় তারা নিষিদ্ধ আওয়ামী লীগ এবং গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর থানায় দুটি এবং সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এছাড়া খোরশেদ আলম অপুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ও চাঁদপুরের মতলব উত্তর থানায় আরও একটি মামলা রয়েছে।




