নারায়ণগঞ্জের কাশীপুরে ধর্ষকদের প্রকাশ্যে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস। এসময় বক্তারা দেশে ধর্ষণ, হত্যা ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
শনিবার (২৩ মে) বিকেলে কাশীপুর বড় মসজিদের সামনে মুন্সীগঞ্জ-পঞ্চবটী সড়কে খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটলেও অনেক অপরাধী আইনের ফাঁক গলে জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি দাবি করেন, ব্রিটিশ আমলের আইনব্যবস্থা কার্যকরভাবে অপরাধ দমনে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ প্রমাণিত হলে প্রকাশ্যে শাস্তি কার্যকর করার বিধানই অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে। আল্লাহর আইন বাস্তবায়ন করা হলে দেশে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
মুফতী শাব্বীর আহমাদ কাশীপুর এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন।
মাওলানা কাউসার হুসাইন বলেন, স্বাধীনতার পরও দেশে পুরোনো ও দুর্বল আইনব্যবস্থা বহাল থাকায় হত্যা ও ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় শরিয়া আইন বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন সভাপতি ও কাশীপুর ৪ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আসিফ ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাউসার হুসাইন, খেলাফত মজলিস মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ফতুল্লা থানা সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, ইসলামী যুব মজলিস জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন, কাশীপুর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. মাওলানা মাসুম শরীফ, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী জামাল হোসাইন, ৫ নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী হাশেম সিকদার ও ৭ নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী আনোয়ার হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তব্যে প্রভাষক মাইদুল ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণেই ধর্ষণের মতো অপরাধের সুষ্ঠু বিচার হচ্ছে না। তিনি বলেন, অপরাধীদের রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ না হলে সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব নয়।




