নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামির নাম মিসাইল আহম্মেদ (২৮)।
শনিবার (২৩ মে) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার পাগলা ইসলামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার মিসাইল আহম্মেদ ফতুল্লার পাগলা ইসলামিয়া বাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পলাতক ওই আসামিকে আটকের লক্ষ্যে দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, “অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।




