নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন, ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং যেকোনো ইতিবাচক সামাজিক উদ্যোগে সবসময় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (২৩ মে) বিকেলে শহরের ঐতিহ্যবাহী ওসমানী পৌর স্টেডিয়ামে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মকে রক্ষায় ক্রীড়া চর্চার বিকল্প নেই
সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ তাঁর বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন,
”খেলাধুলা মানুষের সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক জীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে। আমাদের তরুণ ও কিশোর সমাজ যদি মাঠের সাথে যুক্ত থাকে, তবে তারা মাদক ও নানাবিধ সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। অবসর সময়টাকে তারা সুস্থ বিনোদনের মাধ্যমে কাজে লাগাতে পারবে।”
শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি আয়োজকদের প্রতি প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন যে, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রসারে সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে।
তারেক রহমানের নির্দেশনা ও উন্নয়নের অঙ্গীকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্রীড়াবান্ধব ভাবনার কথা স্মরণ করে এমপি আজাদ বলেন, “আমাদের নেতা দেশের ক্রীড়াঙ্গনের প্রতি সর্বদা আন্তরিক। অতীতেও যেকোনো সংকটে তাঁর নির্দেশনায় আমি এবং আমার পরিবার আপনাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও নারায়ণগঞ্জের যেকোনো উন্নয়নমূলক কাজ, সামাজিক কর্মকাণ্ড এবং ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকব।”
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফসহ স্থানীয় ক্রীড়ানুরাগী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।




