ফতুল্লায় মাদক সেবনে বাধা, ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সুমন (২৮) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতেম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় শ্রমিক ও চালকরা।

রবিবার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুব আলম।
নিহত সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের নারায়ণের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। আটক হাতেম ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এলাকার আলিমুদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে ফতুল্লার পঞ্চবটী মেথরখোলা এলাকার পৌর টার্মিনালে।

স্থানীয় সূত্র জানায়, সুমন ও হাতেম পঞ্চবটী পৌর টার্মিনাল সংলগ্ন বোডবাড়ী এলাকার নুরী মিয়ার বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সুমন ট্রাকচালক এবং হাতেম একই টার্মিনালে একটি ট্রাকের হেলপার ছিলেন। অভিযোগ রয়েছে, হাতেম নিয়মিত কক্ষে বসে মাদক সেবন করতেন। এ নিয়ে সুমন প্রতিবাদ করলে এবং বাড়ির মালিককে বিষয়টি জানালে হাতেম তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে সুমন কর্মস্থলে যাওয়ার পথে পৌর টার্মিনালের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা হাতেম কাঠের টুকরো দিয়ে তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় পরে রামপুরার ডেল্টা ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

পৌর টার্মিনালের শ্রমিক মো. শুক্কুর মিয়া বলেন, “মাদক সেবনের প্রতিবাদ করায় হাতেম ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে সুমনের মাথায় আঘাত করে।”

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুব আলম কালের কন্ঠকে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আহত ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আটক আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে মামলা দায়ের হলে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

সর্বশেষঃ