ইসলামী ব্যাংক ‘ধ্বংসের ষড়যন্ত্রের’ প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র এবং ইসলামী ব্যাংকে ফ্যাসিবাদী দোসরদের পুনরায় পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে মানববন্ধন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।

মঙ্গলবার (২ জুন) সকালে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার নিচে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সঞ্চালকের বক্তব্যে ইসলামী ব্যাংকের গ্রাহক হাফেজ আব্দুল মোমিন বলেন, জুলাই বিপ্লবের পর বিতাড়িত এস আলম গোষ্ঠীর লোকজনকে আবার ব্যাংকের দায়িত্বে আনার চেষ্টা করা হচ্ছে, যা গ্রাহকেরা মেনে নেবেন না। তিনি অভিযোগ করেন, এস আলম গোষ্ঠী ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে এবং সেই অর্থ ফেরত আনার পরিবর্তে তাদের পুনর্বাসনের উদ্যোগ উদ্বেগজনক। একই সঙ্গে তিনি মতিঝিলে গ্রাহকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানান।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলমের নিয়োগ প্রত্যাহারের দাবি জানান।

গ্রাহকেরা বলেন, সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার কারণে তারা ইসলামী ব্যাংককে বেছে নিয়েছেন। আমানতকারীদের স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবেন। একই সঙ্গে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা আবু বকর সিদ্দিক, নিজাম উদ্দিন, আবুল কালাম আজাদ, মাওলানা ইউনুস আলী, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম সাকি, তরিকুল ইসলাম, বসির উদ্দিন, আনিসুজ্জামান, কামরুজ্জামান ও মজিবুর রহমানসহ অন্যান্য গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা।

বক্তারা ইসলামী ব্যাংক থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ এবং গ্রাহকদের আমানত ও দেশের অর্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষঃ