নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে চীন সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান China Road and Bridge Corporation (CRBC)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
সোমবার (১ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নাসিক সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতু নির্মাণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট-টু-এনার্জি) প্রকল্প, পানি পরিশোধন প্লান্ট স্থাপনসহ নগর উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরে প্রতিনিধিদল নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। একইসঙ্গে প্রতিনিধিদল শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থানও পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে সিআরবিসির প্রতিনিধিরা নবীগঞ্জ সেতুসহ গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন, টেকসই ও নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
এছাড়া উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম।




