পবিত্র ঈদুল আজহাকে ঘিরে নগরবাসীকে দুর্গন্ধ ও ভোগান্তিমুক্ত রাখতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই পরিদর্শন চালিয়ে যান।
স্থানীয়রা বলেন, নগর প্রশাসক শুধু দিকনির্দেশনা দিয়েই থেমে থাকেননি, বরং নিজেই বর্জ্যবাহী গাড়িতে অবস্থান করে নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেছেন।
ঈদের আগেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে বৈঠকে প্রশাসক সাখাওয়াত হোসেন খান ঘোষণা দেন, যেকোনো মূল্যে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করতে হবে। নগরীর কোথাও যেন দুর্গন্ধ ছড়িয়ে জনভোগান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনাও দেন তিনি। সেই নির্দেশনার বাস্তবায়নে ঈদের দিন সকাল থেকেই নগরজুড়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায় তাকে।
নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে পরিচ্ছন্ন কর্মীদের উৎসাহ দেন প্রশাসক। একই সঙ্গে দ্রুত বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তাকে বর্জ্যবাহী গাড়িতে থেকেই কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়, যা নগরবাসীর মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন। তিনি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গড়ে তোলার পাশাপাশি নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “ঈদের আগে পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পাঠিয়েছেন। সেই উপহার পেয়ে কর্মীরা অনেক বেশি উৎসাহ নিয়ে কাজ করছেন। আমি নিজেও মাঠে থাকায় তারা আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছে। ফলে অল্প সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।”




