নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত হিরু (২২) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ মে, ঈদের দিন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
নিহত হিরু ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।
জানা যায়, গত ২২ মে বিকেলে একই গ্রামের ছয় বছরের এক শিশুকে বিস্কুট কেনার কথা বলে ২০ টাকা দিয়ে পাটক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে বন্ধু সোহেলের সহযোগিতায় হিরু ওই শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার অভিযোগ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা হিরুকে তার বাসা থেকে ধরে এনে গণপিটুনি দেন। হিরুর পরিবার ক্ষমা চেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করেন। পরদিন শিশুর মা বাদী হয়ে হিরু ও সোহেলের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। একই দিন সোহেল থানায় আত্মসমর্পণ করেন।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আশঙ্কাজনক অবস্থায় হিরুকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মরদেহ এখন ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।




