নারায়ণগঞ্জ সদর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার সৈয়দপুর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার কর হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পুরাতন সৈয়দপুর এলাকার মো. শাহিন (৪৩), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. আমির হোসেন (৪১) এবং বন্দরের মদনগঞ্জ লক্ষারচর এলাকার মো. সম্রাট (৪০)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্তকালে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। অভিযোগ রয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী অঙ্গ সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল করে এলাকায় ভীতিকর পরিস্থিতি ও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) সাজিদুর রহমান কালের কন্ঠকে বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী অঙ্গ সংগঠনের কার্যক্রম পরিচালনা করার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।”




