নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, সোমবার (১ জুন) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সানারপাড় এলাকার মো. সাইফুল ইসলাম রাহুল (২৭) ও গোদনাইল সৈয়দপাড়া এলাকার মো. মিজানুর রহমান (৪৫)। মিজানুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত আরেকটি মামলার ৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি। অপরদিকে, সাইফুল ইসলাম রাহুল সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলার ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে।
পুলিশ জানায়, অভিযানে সানারপাড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম রাহুলকে (২৭) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলার ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মাদক মামলাও রয়েছে। একই রাতে গোদনাইল সৈয়দপাড়া এলাকা থেকে মো. মিজানুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”




