নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার এক গৃহবধূ ও তার তিন সন্তানকে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরির (জিডি) তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে জানা গেছে, ওই নারী স্বেচ্ছায় তিন সন্তানকে নিয়ে চট্টগ্রামে গিয়ে ধর্মান্তরিত হয়ে তার দেবরকে বিয়ে করেছেন।
বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মাহবুবুল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের দেওভোগের ভূঁইয়ারবাগ এলাকায় একটি খাবারের হোটেল পরিচালনা করেন ওই নারীর স্বামী। পরিবারটি সনাতন ধর্মাবলম্বী। গত ২২ মে বিকেলে শশুরবাড়ি যাওয়ার কথা বলে তিন সন্তানকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন ওই নারী। পরে তিনি সেখানে না পৌঁছালে পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে তার স্বামী ফতুল্লা মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই নারী তার দেবরের সঙ্গে চট্টগ্রামে অবস্থান করছেন এবং তিন সন্তানও তার সঙ্গেই রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর দেবর কয়েক বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এরপর থেকে চট্টগ্রামে বসবাস করে আসছিলেন। সম্প্রতি ওই নারীও ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মমতে তাকে বিয়ে করেছেন।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক(ওসি) মো: মাহবুবুল আলম বলেন, “তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রামেও গিয়েছিলেন। ওই নারী তার ধর্মান্তরিত দেবরকে বিয়ে করেছেন। নিজেও ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মমতে বিয়ে করেছেন। বিষয়টি নিখোঁজ নয়, স্বেচ্ছায়ই ওই নারী তার সন্তানদের নিয়ে চলে গিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “আমরা জিডির আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে নারী ও তার সন্তানদের উদ্ধার করবো। তাদের উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে এবং পারিবারিকভাবে সমাধানেরও চেষ্টা করা হচ্ছে বলে জানা যায়।




